বগুড়ায় অপহরণের ২৯ দিন পর কিশোরী উদ্ধার, পলাতক আসামি গ্রেফতার
বগুড়ার আদমদীঘি থানার আলোচিত অপহরণ মামলার ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. রাহুল হোসেন (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গত ১৫ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আদমদীঘি হাসপাতালের সামনে থেকে কিশোরীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এ সময় তার শরীরে থাকা স্বর্ণের চেইন ও কানের দুলও নিয়ে নেওয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও মেয়ের সন্ধান না পেয়ে তার বাবা আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি দল মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে কাহালু উপজেলার ভোলতা খানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার প্রধান পলাতক আসামি মো. রাহুল হোসেনকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, সংঘবদ্ধ অপরাধ, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

No comments