বিমানবাহিনীতে বড় ঘাটতি, আরও শতাধিক রাফাল কেনার পথে ভারত
ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত। এ বিষয়ে ইতোমধ্যে ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে দেশটি। এমন সময় চার দিনের সফরে ফ্রান্সে গেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের রাফাল বহর বেড়ে দাঁড়াবে ১৭৬টিতে, যা দেশটির আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ভারত ইতোমধ্যে ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এখন ফ্রান্স মূল্য, উৎপাদন সক্ষমতা এবং লজিস্টিক সহায়তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফ্রান্সের জবাব পাওয়ার আশা করা হচ্ছে। এরপর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। কর্মকর্তাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের ফ্রান্স সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখা হচ্ছে না। সফরের সময় তিনি ফ্রান্সের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর মধ্যে রাফাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন এবং মিটিওর ও স্ক্যাল্পের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমবিডিএ-ও রয়েছে।
ধারণা করা হচ্ছে, আলোচনার বিষয় শুধু যুদ্ধবিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভারতে উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভারতীয় অস্ত্র ব্যবস্থার সংযোজন নিয়েও আলোচনা হতে পারে। সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চলতি জুনের মাঝামাঝি সময়ে ফ্রান্স সফর করতে পারেন। সফরটি হলে রাফাল চুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।
চুক্তিটি সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এগিয়ে নেয়া হচ্ছে। ফলে দুই দেশের শীর্ষ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেন নতুন যুদ্ধবিমান প্রয়োজন ভারতের ।
ভারতীয় বিমানবাহিনীর অনুমোদিত স্কোয়াড্রনের সংখ্যা ৪২। কিন্তু বর্তমানে তাদের হাতে রয়েছে মাত্র ২৯টি স্কোয়াড্রন। মিগ-২১-এর মতো পুরোনো যুদ্ধবিমান অবসরে যাওয়ায় এই ঘাটতি আরও বেড়েছে। এ কারণেই ১১৪টি নতুন বহুমুখী যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে দিল্লি।
এই প্রতিযোগিতায় রাফালকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল রয়েছে। প্রস্তাবিত চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধবিমানগুলোর বড় একটি অংশ ভারতে তৈরি হতে পারে।
সূত্রের তথ্য অনুযায়ী, ১১৪টি বিমানের মধ্যে ৯৪টি ভারতে উৎপাদন করা হতে পারে। বাকি বিমানগুলো সরাসরি ফ্রান্স থেকে সরবরাহ করা হবে। এ জন্য দাসো অ্যাভিয়েশন কোনও ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পে প্রায় ৫০ শতাংশ স্থানীয় উপাদান ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ, বিমানগুলোতে বিভিন্ন ভারতীয় প্রযুক্তি ও অস্ত্র সংযোজন করা হতে পারে। এটিকে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অবশ্য রাফাল নিয়ে ভারত ও ফ্রান্সের সহযোগিতা নতুন নয়। ২০১৬ সালে দুই দেশ ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল। সেসব বিমানের সবগুলোই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।বর্তমানে সেগুলো আম্বালা ও হাসিমারা বিমানঘাঁটিতে মোতায়েন রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান অবকাঠামো এবং প্রশিক্ষিত পাইলট থাকায় নতুন রাফাল অন্তর্ভুক্ত করা সহজ হবে।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে ৩৬টি রাফাল রয়েছে। এ ছাড়া নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-এম কেনার চুক্তিও ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। নতুন ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ১৭৬টি।
এতে ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি চীন ও পাকিস্তান সীমান্তে বিমানবাহিনীর সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

No comments