শিরোনাম

বগুড়ায় তিন ক্লিনিকে অভিযান, দুইটিতে জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। অভিযানে নানা অনিয়ম ও লাইসেন্সের মেয়াদ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ত্রুটি সংশোধনের জন্য তাদের দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা অব্দি এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে শহরের তিনটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে শহরের রয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক-এর কাগজপত্র ও স্বাস্থ্যসেবার পরিবেশ সঠিক পাওয়া যায়। তবে বাকি দুটি প্রতিষ্ঠানে মারাত্মক অব্যবস্থাপনা ও অনিয়ম চোখে পড়ে।

দীর্ঘদিন ধরে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সার্ক জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকে ২০ হাজার টাকা এবং রুপালী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দুটি প্রতিষ্ঠানকেই তাদের সব ত্রুটি সংশোধন করে সঠিকভাবে পরিচালনার জন্য দুই মাসের সময় দেওয়া হয়েছে।

বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বলেন, আমরা তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এর মধ্যে একটির সবকিছু ঠিকঠাক পাওয়া গেলেও বাকি দুটিতে মারাত্মক অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিভিন্ন দিক পরিলক্ষিত হয়েছে। এ কারণে তাদের জরিমানা করার পাশাপাশি সবকিছু ঠিক করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

No comments