বগুড়ায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলায় বাঁশের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাই ও ভাতিজার হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী বেলঘড়িয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলঘড়িয়া গ্রামের হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহিম (৫২) ও চাচাতো ভাতিজা নাইম ইসলামের (১৮) বাঁশঝাড়ের বাঁশের কোরল ভাঙাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে অভিযুক্তরা প্যারাকযুক্ত বাঁশ দিয়ে হযরত আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করেন। পরে শজিমেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আব্দুর রহিম (৫২) নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments