সিলেটে ৭৫০০ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ মেগা প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
সিলেট নগরীর সৌন্দর্যবর্ধন, বন্যা প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) বেলা ১১টার দিকে সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় উন্নতি ঘটবে এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
ভৌগোলিক কারণে টিলা ও নদীবেষ্টিত সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ১৩টি প্রাকৃতিক ছড়া সরাসরি সুরমা নদীতে গিয়ে মিশেছে। বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে এসব ছড়া দিয়ে নদীর পানি উল্টো নগরীতে ঢুকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে। ২০২২ থেকে ২০২৪ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থেকেই এ প্রকল্পটি নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় কাজীরবাজারের বৈঠাখাল, ছড়ারপাড়ের গোয়ালীছড়া ও বোরহানউদ্দিন এলাকার হলদিছড়ায় আধুনিক স্লুইসগেট ও উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হবে। এতে নদীর পানি নগরীতে প্রবেশ ঠেকানো এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে।
এছাড়া শাহপরাণ সেতু থেকে বাদাঘাট সেতু পর্যন্ত সুরমা নদীর দুই তীরের প্রায় সাড়ে ১৭ কিলোমিটার এলাকা উঁচু করা হবে। যেখানে পাড় উঁচু করা সম্ভব নয়, সেখানে নির্মাণ করা হবে ফ্লাড ওয়াল।
প্রকল্পের প্রথম ধাপে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা বরাদ্দ দেবে সরকার। সিসিক জানিয়েছে, প্রকল্পটি বিদেশি সহায়তায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনের আগে সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এছাড়া সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন, বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
তথ্যসূত্র: সময় নিউজ

No comments