শিরোনাম

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, মুহূর্তেই থমকে গেল এক্সপ্রেসওয়ে

 চ্যানেল টেন ডেস্কঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত যাত্রীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।সোমবার (১৯ জানুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকার মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ ৭১-৪৫৩১) কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী দ্রুত নেমে যান। এতে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সটির আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের ঘটনায় কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই লেনে যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

No comments