শিরোনাম

চৌদ্দগ্রামে রাজনৈতিক সহিংসতা: জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ৫

চ্যানেল টেন ডেস্কঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ধনিজকরা এলাকায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধনিজকরা বাজারে অবস্থিত বিএনপির একটি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

এরপর রাতেই বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড় এলাকায় জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদি দোকান, পাশের জামায়াত অফিস, ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটে অবস্থিত জামায়াত অফিসসহ কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। কালিকাপুর ইউনিয়নের সমেশপুর এলাকাতেও জামায়াতের একটি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

এসব ঘটনার জেরে সোমবার দুপুরে ধনিজকরা বাজারে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী, বিএনপি সমর্থক শাহাদাত হোসেন এবং জামায়াত সমর্থক তাসকিনসহ মোট পাঁচজন আহত হন।

এদিকে মাদ্রাসার বাসে অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, ধনিজকরায় বিএনপি সমর্থকদের পারিবারিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জামায়াত বা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেন, তাদের তিনটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম অভিযোগ করে বলেন, রোববার রাতে জামায়াতের সশস্ত্র নেতাকর্মীরা বিএনপি সমর্থকের বাড়িতে হামলা ও লুটপাট চালায় এবং দলীয় কার্যালয় ভাঙচুর করে। তিনি আরও দাবি করেন, জামায়াত নিজেদের কার্যালয়ে আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments