নির্বাচনী মাঠে আত্মবিশ্বাসী নুর: ‘ভোটের আগেই বিজয়ের বার্তা’
নির্বাচনে নিজেদের বিজয় প্রায় নিশ্চিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। আর ১২ ফেব্রুয়ারি হবে শুধু আনুষ্ঠানিকতা।”
রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ্ চিশস্তি (রহ.)-এর ৪৯তম বাৎসরিক উরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, “আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই—যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে।”
তিনি আরও বলেন, “ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।”
মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অধিকার প্রসঙ্গে নুর বলেন, “প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার আছে। গায়ের জোরে বাধা দেওয়া, হামলা বা বিশৃঙ্খলার রাজনীতি আমরা করি না।”
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর থেকেই বলে আসছি—ব্যবসা পরিচালনা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ যদি চাঁদাবাজি বা জনভোগান্তির সঙ্গে জড়িত থাকে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
এ সময় তিনি উল্লেখ করেন, উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সবাই যেন নির্বিঘ্নে ব্যবসা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে—এটাই তাদের রাজনীতির লক্ষ্য।
উরস মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
No comments