নিরাপদ নয় হাসপাতালও? দায়িত্বরত অবস্থায় গৃহবধূ ধর্ষণ, দুই আনসার আটক
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার আশ্বাসে এক গৃহবধূকে হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম।
পুলিশ ও ভুক্তভোগীর স্বামী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নানাবাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী ও তার স্বামী। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে নতুন ভবনের নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় গৃহবধূকে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর ভুক্তভোগী নিচে নেমে স্বামীকে সব জানালে স্থানীয়দের সহায়তায় তারা থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে থাকা আনসার সদস্যদের ডেকে ভুক্তভোগীর মাধ্যমে শনাক্ত করায় অভিযুক্ত দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ঘটনার পরপরই দায়িত্বরত আনসারদের ডেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়। বর্তমানে ভুক্তভোগী নারী চিকিৎসাধীন রয়েছেন।
No comments