৫৪ বছরের রাজনীতি নিয়ে মানুষ হতাশ, দেশ চায় পরিবর্তন” — জামায়াত আমির
চ্যানেল টেন ডেস্ক ঃ
বাংলাদেশের দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক ধারা নিয়ে দেশের মানুষ হতাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “মানুষ এখন পরিবর্তন চায়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আমাদের রাজনীতির মূল প্রেরণা।”
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, “নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও আমরা সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে বসে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানাব।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সরকার গঠন করলে আন্তর্জাতিক অঙ্গনে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। আগামী পাঁচ বছরে দেশের কল্যাণে কী করা যায়, তা নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আলোচনা করা হবে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “দেশে এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি।”
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দিয়েছে, যারা জেলা পর্যায়ে কাজ করবে।
রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “৫৪ বছরের রাজনীতি মানুষকে হতাশ করেছে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়, তাদেরও এই পরিবর্তনের নিশ্চয়তা জনগণকে দিতে হবে।”
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দেশের স্বার্থে আপনারা ওয়াচডগ হিসেবে কাজ করবেন। মূলধারার গণমাধ্যম একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে—এটা ঠিক নয়। আপনারা কোনো দলমাধ্যম নন, আপনারা জনমাধ্যম—এই দায়িত্ব মাথায় রাখবেন।”
No comments