শিরোনাম

বগুড়ায় ট্রাফিক চেকপোস্টে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার ধুনট থানাধীন হুকুম আলী মোড়ে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালীন মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত “চেকপোস্টে ঘুষ গ্রহণ” সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ১৯ জানুয়ারি ট্রাফিক পুলিশের টিএসআই মোঃ আবুল কালাম আজাদ ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। 

এ সময় দুইটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় নিয়ম অনুযায়ী মামলা দেওয়া হয়। অপর মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল মোঃ আব্দুল খালেক টিএসআইকে অবহিত করে গাড়িটি ছেড়ে দেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত মাসুদ (পিতা- শহিদুল ইসলাম, সাং- মাটিকোড়া) এবং হুকুম আলী মোড় এলাকার মুরগি ব্যবসায়ী শাহিনুর জামান গোলাপ (পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- চরপাড়া) স্থানীয় লোকজনকে উসকানি দিয়ে “পুলিশ টাকা নিয়ে মোটরসাইকেল ছেড়ে দিয়েছে”—এমন মিথ্যা অভিযোগ ছড়িয়ে মব সৃষ্টি করে। একপর্যায়ে তারা পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় কনস্টেবল মোঃ আব্দুল খালেক ও কনস্টেবল মোঃ আব্দুল হামিদ (উভয়ই ধুনট থানা) আহত হন। তাৎক্ষণিকভাবে এসআই মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

আহত দুই পুলিশ সদস্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ধুনট থানায় মামলা নম্বর-১৩, তারিখ ২০/০১/২০২৬ খ্রি., ধারা ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৫০৬/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হ য়। পরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত মোঃ মাসুদ রানা (২৫) ও মোঃ শাহিনুর জামান গোলাপ (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, ধুনটের হুকুম আলী মোড়ের চেকপোস্টে পুলিশ কর্তৃক অবৈধভাবে অর্থ আদায়ের যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য। প্রকৃতপক্ষে পুলিশের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা চালানো হয়েছিল।

তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments