শিরোনাম

ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ শিক্ষার্থীসহ জাবির ১৮ শিক্ষার্থীর ডিউক অব এডিনবরো স্বর্ণপদক জয়

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধিঃ

আন্তর্জাতিক স্বীকৃতি ‘দ্য ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’-এ স্বর্ণপদক অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাম উজ্জ্বল করেছেন ১৮ জন শিক্ষার্থী। এই অসামান্য অর্জনে অনন্য নজির গড়েছে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। মোট পদকজয়ীদের মধ্যে ১২ জনই এই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

সোমবার(১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— তাজরিয়ান, মাইমুনা, ইসমিহা, নিলয়, ইম্রিতা, ফারদিন, তাহিয়া, শিমি, উপমা, মারিয়া, ফাহিম ও মানফুসা। তারা সকলেই ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী। 

অন্য বিভাগ থেকে পদকপ্রাপ্তরা হলেন— ইউআরপি বিভাগের ৪৭তম ব্যাচের মো. মুসা ভূঁইয়া ও মো. ইয়াসিন খন্দকার; ইউআরপি বিভাগের ৪৯তম ব্যাচের শরমিলা ইসলাম পিউ, শফিকুল হাসান শাওন ও শাহেদুজ্জামান যুবরাজ; এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের সাজিদ হাসান ফারহান।

 ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড লিডার ও সমন্বয়কারী  অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা স্বাগত বক্তব্যে বলেন,“ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কেবল একটি কর্মসূচি নয়; এটি তরুণদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ, শৃঙ্খলা ও সততার মূল্যবোধ গড়ে তোলে ।"

তিনি আরো বলেন," জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের প্রস্তুত করে। আমাদের স্বর্ণপদকপ্রাপ্তরা এসব গুণের বাস্তব উদাহরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী রোল মডেল।”

ডিউক অব এডিনবরো গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি জানিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ইয়ানুর হোসেন বলেন, “১৮ মাসের এই যাত্রা আমাদের জন্য শুধু একটি কর্মসূচি নয়, বরং আত্মগঠনের একটি পথ ছিল। একসঙ্গে কাজ করতে গিয়ে আমরা শিখেছি ধৈর্য, দায়িত্ববোধ ও একে অন্যের ওপর ভরসা করতে। নানা চ্যালেঞ্জ পেরিয়ে আজ এই স্বীকৃতি পাওয়া আমাদের পরিশ্রম ও বন্ধনেরই প্রমাণ। এই অর্জন আমাদের বিভাগ ও আমাদের সবার জন্য গর্বের ও আবেগের।”

এই অসাধারণ অর্জনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এক নতুন নজির স্থাপন করেছে এবং শিক্ষার্থীদের নেতৃত্ব, সততা ও সামাজিক দায়বদ্ধতার দিক থেকে উদাহরণ স্থাপন করেছে।

উল্লেখ্য, প্রায় ১৮ মাসব্যাপী ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বর্ণপদক অর্জন করেছেন। এই কার্যক্রমের মধ্যে ছিল মাঠভিত্তিক কাজ, সামাজিক সেবা, নেতৃত্ব উন্নয়ন, পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। 

No comments