‘আগামীকাল নয়তো পরশু’—জোটের আসন সমঝোতায় বড় ঘোষণা আসছে: জামায়াত আমির
চ্যানেল টেন ডেস্কঃ
আগামীকাল অথবা পরশুর মধ্যেই জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান থাকলেও এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আর বেশি অপেক্ষা করতে হবে না। তিনি বলেন, “আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।”
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি জানান, আগের নির্বাচনে ইইউ কোনো প্রতিনিধি দল পাঠায়নি। তবে এবার প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠানো হবে, যারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকাগুলো পর্যবেক্ষণ করবেন।
নির্বাচনের পর রাজনৈতিক সমঝোতা ও সংলাপ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আলোচনা হতে পারে, তবে তা কোনোভাবেই নিঃশর্ত হবে না। তিনি বলেন, “নিঃশর্ত কেন হবে? অন্যের দায় আমি কেন কাঁধে নেব? আমরা স্বচ্ছ জবাবদিহিতার রাজনীতি চাই।”
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। আমরা আশা করি তারা বদলাবেন। অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে।”
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
No comments