শিরোনাম

মাঠে নামতেই বাধা—স্বতন্ত্র প্রার্থীদের সামনে অদৃশ্য দেয়াল

চ্যানেল টেন ডেস্কঃ 

স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে আপত্তি, কাগজপত্র নিয়ে বিতর্ক এবং শুনানিতে বাধা সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং সরাসরি ভোটাধিকার খর্ব করছে।

সোমবার (১২ জানুয়ারি) গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এরপর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।

ইসির শুনানিতে আশরাফুল আলমের পক্ষে অংশ নিয়ে তিনি জানান, আশরাফুল আলম ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে স্বতন্ত্র বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অতীতেও তিনি নৌকার বিপক্ষে জগ মার্কা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

শাহরিয়ার কবির অভিযোগ করেন, মনোনয়নপত্রে একটি স্বাক্ষর নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তি তোলা হয়। সংশ্লিষ্ট নারী ভোটারের স্বাক্ষরের প্রমাণ উপস্থাপন করা হলেও তা অগ্রাহ্য করার চেষ্টা করা হয়েছে। এমনকি শুনানিতে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী উপস্থিত হয়ে আপত্তি জানান, যাতে আশরাফুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে না পারেন।

তিনি বলেন, “ভোট একটি আমানত। স্বতন্ত্র প্রার্থীদের এভাবে মাঠছাড়া করার চেষ্টা স্পষ্ট ষড়যন্ত্র। এটি নির্বাচনী প্রকৌশল বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’। ভয় দেখিয়ে কিংবা কৌশলে ফলাফল প্রভাবিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”

অতীত নির্বাচনী সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আশরাফুল আলম ২০০৯ সালে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

No comments