বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন উদ্ধার ভারতে, তদন্তে পুলিশ
ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় একটি ‘অস্বাভাবিক বড়’ বেলুন উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার (১১ জানুয়ারি) বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, উদ্ধারকৃত বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড় জেলার বরখোলা এলাকার একটি কৃষিজমিতে নেমে আসে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বড় আকারের বেলুনটি হঠাৎ জমিতে নামতে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিলেজ ডিফেন্স পার্টি—ভিডিপি)কে জানায়। ভিডিপির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। পরে কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থ প্রতীম দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, বেলুনটির গায়ে বিদ্যালয়ের নামের পাশাপাশি তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা ছিল। কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে জানা গেছে, গতকাল রোববার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠান উপলক্ষেই বেলুনটি উড়ানো হয়ে থাকতে পারে।
No comments