রংপুর-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত এনসিপি’র আখতার হোসেন
আসাদুজ্জামান টিটু, রংপুর:
সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আখতার হোসেন। তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গত কাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসনটির মোট ১৬৩টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। দেশে প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ১৬৩টি ভোটকেন্দ্রের চূড়ান্ত গণনায় আখতার হোসেন ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ১,৪৭,৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১,৩৯,৬১৬ ভোট।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮,৩৩১ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয় নিশ্চিত করেছেন আখতার হোসেন।
ফলাফল ঘোষণার পর পীরগাছা ও কাউনিয়া এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে সমর্থকদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এই বিজয়কে এলাকার সর্বস্তরের জনগণের আস্থার প্রতিফলন বলে অভিহিত করেছেন। তিনি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

No comments