শিরোনাম

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

চ্যানেল টেন ডেস্কঃ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন জোট ৩০০ আসনের সংসদে ২১৩টি আসন জয় করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে আসন্ন সংসদে বিরোধী দল হিসেবে অবস্থান করবে জামায়াত-এনসিপি জোট।

এ বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এই অঞ্চলে আরও সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে।’

এর আগে ঢাকার মার্কিন দূতাবাসও বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

No comments