আমরা এগিয়ে আছি: জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী জোটের প্রার্থীরা বিভিন্ন আসনে এগিয়ে রয়েছেন। তবে ভোট গণনা এখনো সম্পূর্ণ হয়নি, তাই চূড়ান্ত ফলাফলের আগে নির্দিষ্ট মন্তব্য করা সমীচীন নয় বলেও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জাতির গুরুভার আমাদের ওপর এলে আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করব। সরকার গঠন করতে পারলে সব দলকে সঙ্গে নিয়েই এগোনোর চেষ্টা করব।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের ভুল হলে আপনারা সমালোচনা করবেন, ছাড় দেবেন না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ওই আসনে ভোট হয়নি।

No comments