বগুড়ার সোনাতলায় জমি নিয়ে সংঘর্ষ, গৃহবধূসহ আহত ২
জাহিদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর দিঘলকান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূসহ অন্তত দু’জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর দিঘলকান্দি গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে শফিকুর ইসলাম মঞ্জুর সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে ৮ শতক জমি তাদের দখলে থাকলেও বাকি ১ শতক জমি নিয়ে মতবিরোধ দেখা দেয়।
অভিযোগ রয়েছে, প্রতিবেশী রিদয়, রিমন, তিশা ও মুকুলসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এ নিয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রঞ্জিতা (৩১) নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এছাড়া শহীদ হোসেন নামের আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments