গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীর দুর্গাহাটায় ফুটবল খেলা দেখতে গিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসীদের বর্বর হামলায় সাঞ্জিদুর রহমান সাকিব (২১) নামের এক কলেজপড়ুয়া ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় ১১ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে গাবতলী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
গাবতলীর দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক এর হুকুমে সন্ত্রাসীরা এই ছুরিকাঘাত করেন বলে জানা গিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার মেলায় আপত্তিকর আচরণ নিয়ে সাকিবের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী চক্রের ঝগড়া বাঁধে। তখনই আসামীরা ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। সেই শত্রুতার জের ধরে গত ৩১ অক্টোবর বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে দুর্গাহাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাবলিক মাঠে খেলা চলাকালে ১১ নম্বর আসামী আসিক কৌশলে সাকিবকে পূর্ব পাশে ডেকে নিয়ে যায়।
সেখানে পূর্বপরিকল্পিতভাবে এজাহার নামীয় আসামীরা তাদের হাতে থাকা বাটাম, লোহার রড, বার্মিজ চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায়।
সাকিবের চিৎকারে স্থানীয় নূর মোহাম্মদ, বিজয় কুমার ঘোষ, সোহাগ মিয়াসহ লোকজন এগিয়ে এলে আসামীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মামলার বাদী সাকিবের বাবা রবিউল করিম জানান, “পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো আমরা আতঙ্কে আছি।”
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন,“মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।”
No comments