শিরোনাম

ভিক্ষা করে ৩ বস্তা টাকা জমানো সেই সালেহা আর নেই

 


স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়দের কাছে তিনি ‘সালে পাগলী’ নামেই পরিচিত ছিলেন

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, অসুস্থ অবস্থায় প্রথমে সালেহা বেগমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু জানান, “সালে পাগলী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল মারা গেছেন, আজ জানাজা শেষে দাফন করা হয়েছে। তার জমানো টাকা ইসলামি শরিয়ত অনুযায়ী ভাগ করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের ঘর থেকে দুই দিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করা হয়। সেখানে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

No comments