শিরোনাম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা


চ্যানেল টেন ডেস্ক :

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিজুর রহমান সরদার (৪৭) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ি উত্তর মোকামপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

এতে তার বাম হাত, ডান পা এবং বাম পাঁজরের নিচে গুলি লাগে। গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

No comments