শিরোনাম

খুলনায় আ.লীগের দুই নেতাকে গণপিটুনি, পুলিশের কাছে সোপর্দ


চ্যানেল টেন ডেস্ক :

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে। আহত ওই নেতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজার এবং নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এসব ঘটনা ঘটে।

রূপসায় গণপিটুনির শিকার আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মনির মাস্টারকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে রূপসা থানায় নিয়ে যায়।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে তার দোকান থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় নগরীর ফুলবাড়ীগেটের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এটিএম লাইসুজ্জামান (৫০) নামে এক নেতাকে মারধর করেন স্থানীয় লোকজন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাঁচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাশকতার প্রস্তুতির সন্দেহে লাইসুজ্জামানকে আটক করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না। লাইসুজ্জামানকে ঘিরে কী ঘটেছে, সে সম্পর্কেও তাকে বিস্তারিত জানানো হয়নি। যতটুকু জানেন, ওই ব্যক্তি দোকানে ছিলেন।

ওসি আরও বলেন, মিরাজ নামে একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ, তা বিস্তারিত জানাননি তিনি।

No comments