সংবাদ প্রকাশের জেরে অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ছাত্রদল নেতা
চ্যানেল টেন ডেস্কঃ
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে ছাত্রদলকে ‘জোরালো পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের কানের নিচে থাপ্পড় দিয়ে ক্যাপশন লেখা শেখানোর কথাও উল্লেখ করেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়? প্রথম আলোর মত জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে?? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পর দিয়ে দিয়ে ক্যাপশন লিখানো শিখাতে হবে এদের।’
তার এমন মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা এরফান সম্প্রতি কক্সবাজার শহর ছাত্রদলের নেতা রহিমুল্লাহ খান রানার পরিবারের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরে গতকাল মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান।
সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর ওই সংবাদ সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দেন।
জসিম উদ্দিন বলেন, একটি সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে তার প্রতিবাদ, তথ্য-প্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়া, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের আহ্বান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকের ওপর হামলার অভিযোগের পর সংবাদ প্রকাশকে কেন্দ্র করে একটি রাজনৈতিক সংগঠনের নেতার এমন প্রকাশ্য মন্তব্য সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

No comments