চ্যানেল টেন ডেস্কঃ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে। অন্যদিকে, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফির নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
নীতিমালায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে। ভর্তি ফরম ও ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত সীমার বাইরে কোনো অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনা অমান্য করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, আবেদন গ্রহণের শেষ সময় পার হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি হওয়া ও জমা পড়া আবেদন ফরমের সংখ্যা নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নপত্র হতে হবে মানসম্মত ও শ্রেণি উপযোগী। সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন তৈরি করতে হবে।
এ ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস ও উপযুক্ত আসনবিন্যাস নিশ্চিত করতে হবে। যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষা কমিটি বা প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিতে পারবেন।
No comments