স্ত্রী গ্রামে, ৬ তলা ভবন থেকে পড়ে স্বামীর রহস্যজনক মৃত্যু
চ্যানেল টেন ডেস্কঃ
ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ১৬ নম্বর ওয়ার্ডের রেনু মিয়া কলোনির পাশে মায়ের দোয়া শান্তি মহল ভবনে এ ঘটনা ঘটে। তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর এলাকার বাসিন্দা। তিনি নেসলে কোম্পানিতে চাকরি করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন পায়েল পাটোয়ারী কালবেলাকে জানান, পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে পুলিশকে দেখতে পান। কী কারণে ওই যুবক ছাদ থেকে পড়ে মারা গেছেন, তা এখনো জানা যায়নি। আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন, তার স্ত্রী সন্তানসম্ভবা।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল করিম কালবেলাকে বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবককে মৃত অবস্থায় দেখতে পান। তার মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ভবনে তার বাসা তালাবদ্ধ ছিল। তার স্ত্রী গ্রামের বাড়িতে রয়েছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পথে রয়েছেন।

No comments