শিরোনাম

বাগেরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু, স্বামী পলাতক


চ্যানেল টেন ডেস্কঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় শাকিলা আক্তার (১৯) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী শেখ হাফিজুর রহমান পলাতক রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার চরকচুরিয়া গ্রামে ওই নারীর স্বামী শেখ হাফিজুর রহমানের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই তরুণীর বাবার দাবি, রোববার (৮ নভেম্বর) রাতে কোনো এক সময় শাকিলাকে হত্যা করা হয়েছে।

নিহত শাকিলা আক্তার চিতলমারী উপজেলার চরকচুরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি একই উপজেলার বারাসিয়া গ্রামে। বাবা নিয়ামত আলী ও মা রিক্তা বেগমের একমাত্র সন্তান ছিলেন তিনি।

পরিবারের অভিযোগ, সোমবার সকালে শাকিলার স্বামী তার শাশুড়িকে মুঠোফোনে জানান তার মেয়ে স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে মরদেহ দেখতে পান। এ সময় মেয়ের গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তার সন্দেহ হয়। পরে জামাই শেখ হাফিজুর রহমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন বলে দাবি করেন স্বজনেরা।

স্বজনদের অভিযোগ, শাকিলার মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। তাদের ধারণা, রোববার রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম কালবেলাকে বলেন, ‘শাকিলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

No comments