শিরোনাম

কুষ্টিয়ায় ডিবি পুলিশের উপর ছাত্রদলের হামলা: আমির হামজার ক্ষোভ


চ্যানেল টেন ডেস্কঃ

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, সরকারি দলের পরিচয় পুলিশের গায়ে হাত তুলে পার পাওয়া যাবে,তাহলে বোকার স্বর্গে বাস করছেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু অপরাধের জবাবদিহি এড়ানোর সুযোগও নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তিনি এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে আমির হামজা বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদল হোক কিংবা অন্য কোনো ছাত্রসংগঠন-কোনো সংগঠনের পরিচয় অপরাধের লাইসেন্স হতে পারে না। ছাত্ররাজনীতি করার অধিকার কারও অপরাধ করার অধিকার নয়।

তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যদি পুলিশের মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়া ও হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে।

ছাত্ররাজনীতির উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ছাত্রদলকে মনে রাখতে হবে, ছাত্ররাজনীতির কাজ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা, মাদক কারবারিদের রক্ষা করা নয়। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় সংগঠনকেও রাজনৈতিকভাবে নিতে হবে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক প্রভাব যেন বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে।

মুফতি আমির হামজা বলেন,মাদক নির্মূলে আপস নেই, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনার সুযোগ নেই। কুষ্টিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে-যেই বাধা হয়ে দাঁড়াক।

এ সময় আহত তিন ডিবি পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য,গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হন গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। তারা হলেন-ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান হোসেন।

No comments