চুরি করতে গিয়ে ধরা শ্রমিকদল সভাপতি, দল থেকে বহিষ্কার
চ্যানেল টেন ডেস্কঃ
চুরির চেষ্টার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজন। আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আলম ফকিরকে দল থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় তাঁদের আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সড়কে পাহারা দিচ্ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টা করার অভিযোগে আলম ফকিরসহ দুজনকে হাতেনাতে আটক করেন তাঁরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের পর পুলিশের কাছে নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘কালাম ফকির’ নামে পরিচয় দেন আলম ফকির। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। পরে পুলিশ তাঁদের আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এদিকে, আলম ফকিরের আটকের খবর পাওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল। জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলম ফকিরের বিরুদ্ধে ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তাঁর আচরণে কোনো পরিবর্তন আসেনি। সার্বিক বিষয় বিবেচনায় তাঁকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আলম ফকিরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তাঁর আচরণে কোনো পরিবর্তন আনেননি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও নেওয়া হবে।”
ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির এর আগেও একাধিকবার চুরির ঘটনায় আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে।

No comments