বগুড়ার শিবগঞ্জে ১০ মাসের শিশু চুরির ঘটনায় দুই নারী গ্রেপ্তার
শিবগঞ্জ প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রাম থেকে ১০ মাস বয়সী এক শিশু চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান আসামি রুজিয়া (২০)। তিনি বানাইল এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অপর গ্রেপ্তার নারী তাঁর বান্ধবী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকা থেকে ১০ মাস বয়সী শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। অভিযোগ রয়েছে, শিশুটিকে অন্যত্র বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রধান আসামি রুজিয়া ও তাঁর এক বান্ধবীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করায় ডিবি পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments