গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ: এমপির বহরে থাকা বিএনপি নেতার মৃত্যু
চ্যানেল টেন ডেস্কঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িসহ ১০ যানের সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতা ইলিয়াস কাজী মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। তব চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই মারা গেছেন বিএনপি নেতা ইলিয়াস কাজী।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিন চালিত ইজিবাইক। এ সময় নানা যানে থাকা প্রায় শতাধিক যাত্রী আহত হন। এছাড়া দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এ সময় দুর্ঘটনায় পড়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দুটি গাড়ি, যার একটিতে তিনি ছিলেন। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে আসার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। সংসদ সদস্য নিরাপদ থাকলেও রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তৎক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়।

No comments