ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রধানমন্ত্রী, আজ তারেক রহমানের জন্মদিন
চ্যানেল টেন ডেস্ক :
ঘাত-প্রতিঘাত, আন্দোলন, ত্যাগ ও নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তারেক রহমান। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ততা, কারাবরণ, দীর্ঘ নির্বাসিত জীবন এবং নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে তিনি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ শুক্রবার (২০ নভেম্বর) জন্মদিন।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিবারের আদরের সন্তান হিসেবে পরিচিত ‘পিনু’ ছোটবেলা থেকেই দেশের নানা রাজনৈতিক ও ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন।
মুক্তিযুদ্ধের সময় বাবা রণাঙ্গনে থাকলেও মা খালেদা জিয়ার সঙ্গে নিরাপত্তার কারণে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। স্বাধীনতার পর দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা, সিপাহী-জনতার বিপ্লব এবং বাবার রাজনৈতিক উত্থান-পতন কাছ থেকে দেখেছেন তিনি। কৈশোরে পা রাখার আগেই হারান বাবাকে। এরপর মায়ের সঙ্গেই তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্ব এবং পরবর্তী সময়ে সরকার পরিচালনার দিনগুলোতে মায়ের পাশে ছিলেন তারেক রহমান। ২০০১ সালের পর বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন তিনি। দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। পরে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ সময় প্রবাসে থেকেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, হামলা, গুম ও নির্যাতনের অভিযোগের মধ্যেই দীর্ঘ সময় পার করে দলটি। অন্যদিকে, লন্ডনে অবস্থান করে দলকে সংগঠিত রাখা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন তারেক রহমান। এ সময়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারান তিনি। রাজনৈতিক পরিস্থিতির কারণে মা খালেদা জিয়ার কারাবরণ ও অসুস্থতার সময়ও দূর থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে হয় তাকে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশে ফেরার পথ তৈরি হয় তারেক রহমানের। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার পরপরই মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হন তারেক রহমান। ব্যক্তিগত শোকের পাশাপাশি দলের নেতৃত্ব ও দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয় তাকে।
এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তিনি। নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন তারেক রহমান।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নির্বাসিত জীবন ও নানা প্রতিকূলতা পেরিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা তারেক রহমানকে ঘিরে এখন নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দেশ পরিচালনা, অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ।
এদিকে, জন্মদিন উপলক্ষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

No comments