তিন দিন পর কুয়াকাটায় মিলল নিখোঁজ বিচারক, স্বেচ্ছায় ছিলেন আত্মগোপনে
চ্যানেল টেন ডেস্ক :
বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। নিখোঁজ হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে তাকে খুঁজে পেয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদিম কুয়াকাটার হোটেল সি-ভিউয়ের তৃতীয় তলার ১৩ নম্বর কক্ষ তিন দিনের জন্য ভাড়া নিয়েছিলেন। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। পারিবারিক কোনো কারণে এমনটি করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে উদ্ধারের পর পুলিশের এই কর্মকর্তা জানিয়েছিলেন, নিখোঁজ বিচারক একাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ উদ্বিগ্ন ছিল। তবে তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে।
জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে আদালত থেকে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন তিনি।
দুই দিনেও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।
পরে পুলিশ তার সন্ধানে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাকে খুঁজে পাওয়া যায়। তবে কী কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

No comments