শিরোনাম

কোটি কোটি টাকা আত্মসাৎ-পাচার, সালমান এফ রহমানের বিরুদ্ধে তিন মামলা


চ্যানেল টেন ডেস্কঃ
কাগজে-কলমে প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণ নিয়ে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
দুদক সচিব জানান, স্পিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস ও মিডওয়েস্ট গার্মেন্টস নামে তিনটি প্রতিষ্ঠানের ঋণের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে মামলাগুলো করা হচ্ছে। তিন মামলায় যথাক্রমে ২২, ২২ ও ২৫ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে আসামির সংখ্যা ৬৯ জন। তবে একই ব্যক্তি একাধিক মামলায় আসামি হয়েছেন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তাদের অনুকূলে বিপুল অঙ্কের ঋণসুবিধা মঞ্জুর ও বিতরণ করা হয়। পরে আমদানি-রপ্তানির আড়ালে ভুয়া অ্যাকোমোডেশন বিল তৈরি করে অর্থ স্থানান্তর করা হয়। এভাবে ভুয়া বাণিজ্যিক লেনদেনের চিত্র দেখিয়ে ব্যাংকের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন প্রক্রিয়ায় বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।

No comments