শিরোনাম

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও


চ্যানেল টেন ডেস্কঃ


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন (৩৮) উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও তাঁর মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীর মা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রীর মা মমতা খাতুন উল্লাপাড়া মডেল থানায় এ অভিযোগ করেন। এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্ত রাজিব হোসেন স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের পরিচালক। তিনি বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রেশমাকে (ছদ্মনাম) কোচিং সেন্টার ও নিজের বাসায় নিয়মিত পড়াতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। তবে পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে চলে গেছেন বলে অভিযোগ রয়েছে।

ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, এর আগেও রাজিব হোসেন দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। পরবর্তী সময়ে তাঁদের দুজনকেই তালাক দেন বলে জানা গেছে।

এ বিষয়ে বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, ‘রাজিব কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজনক কাজ করছেন। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

No comments