গোপালগঞ্জে বিএনপি এমপির ক্লিনিকে হামলা-ভাঙচুর, আসবাবপত্রে আগুন
চ্যানেল টেন ডেস্ক :
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই দিন কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্যের ক্লিনিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও বুধবার সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
এ ছাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তাঁরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

No comments