শিরোনাম

কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, কৃষকদল-জাসাসের দুই নেতা নিহত

চ্যানেল টেন ডেস্ক :

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির আয়োজিত মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

বুধবার রাত ১০টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার কালিয়া উপজেলা শহরে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments