শিরোনাম

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে অগ্নিকাণ্ড


চ্যানেল টেন ডেস্ক:

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাসভবনের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা সেখানে অবস্থান করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। এরপর থেকে ওই বাড়িতে তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না।

No comments