গোপালগঞ্জে আ'ওয়ামী লীগের বিক্ষোভ, লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া
চ্যানেল টেন ডেস্ক:
গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন সড়কে তাদের বিক্ষোভ ও মহড়া দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, সকাল থেকে গোপালগঞ্জ সদরে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। কারও কারও মাথায় হেলমেটও ছিল। তারা বিভিন্ন স্লোগান দিয়ে শহরে মিছিল করেন।
স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। কর্মসূচির শুরুতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে সেটি খুলে দেওয়া হয়। পরে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।
পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে সাঁজোয়া যানের পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করা হয়। পাশাপাশি সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছিল। প্রায় ২০ বছর পর গোপালগঞ্জে একই ধরনের অস্ত্র নিয়ে বিক্ষোভের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

No comments