স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, দেশেই চলছে চিকিৎসা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার হৃদ্যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দৈনিক সমকাল।
পরিবারের এক সদস্য জানান, হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। এখন এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লক দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
তিনি আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার এনজিওগ্রাম করা হয়েছে।
বর্তমানে দেশেই চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
.jpg)
No comments