জরাজীর্ণ ভবনে বিনা বেতনে পাঠদান ৫ শিক্ষকের
চ্যানেল টেন ডেস্কঃ
সকালে বই-খাতা হাতে বিদ্যালয়ে আসে শিশুরা। কারও স্বপ্ন বড় হয়ে শিক্ষক হওয়ার, কেউ হতে চায় চিকিৎসক, আবার কেউ স্বপ্ন দেখে বড় কোনো কর্মকর্তা হওয়ার। কিন্তু যে বিদ্যালয়ে এসে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার কথা, সেই বিদ্যালয়েই প্রতিদিন কাটছে নানা প্রতিকূলতার মধ্যে।
তৃষ্ণা পেলে নিরাপদ পানির অভাবে ড্রেনের পানি পান করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। জরাজীর্ণ ভবন, ভাঙাচোরা শ্রেণিকক্ষ, বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন জানান, নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও তাঁরা বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোনো বেতন-ভাতা ছাড়াই শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিশুদের পাঠদান করছেন। কিন্তু জরাজীর্ণ ভবন, নিরাপদ পানির অভাব, পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও অন্যান্য সুযোগ-সুবিধার সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি স্বীকৃতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও ভালো হবে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদেরও কাজের স্বীকৃতি মিলবে বলে আশা তাঁর।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি তাঁরা জেনেছেন। সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ পানির সংকট, জরাজীর্ণ ভবনসহ বিভিন্ন সমস্যার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে শিশুদের নিরাপদ ও সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে তারা কাজ করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যা রয়েছে। বিশেষ করে জরাজীর্ণ ভবন, শ্রেণিকক্ষের সংকট, নিরাপদ পানির অভাবসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব বিষয় তাদের নজরে এসেছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়টির বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পাঠদানের উপযুক্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়টির সরকারি স্বীকৃতির বিষয়টি সংশ্লিষ্ট নীতিমালা ও বিধিবিধান অনুযায়ী বিবেচনা করতে হবে। তাঁরা চান, এলাকার কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। এ জন্য বিদ্যালয়টির সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা থাকবে।
এমন চিত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। নানা সংকটের মধ্যেও বিদ্যালয়টি টিকিয়ে রাখতে কোনো বেতন-ভাতা ছাড়াই নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন পাঁচ শিক্ষক।

No comments