সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
চ্যানেল টেন ডেস্ক :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী গোপরেখী দরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
আছির উদ্দিন আরও জানান, আশরাফ আলী আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং একসময় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

No comments