শিরোনাম

নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা, যুবলীগকর্মীকে গণপিটুনি


চ্যানেল টেন ডেস্ক :

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে নাটোর শহরের দত্তপাড়া বাজারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাব্বির নামে এক যুবলীগকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র জানান, রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমার শব্দ শুনে নৈশপ্রহরী বারান্দায় এসে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

অন্যদিকে, নাটোর শহরের দত্তপাড়া বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাব্বির নামে এক যুবলীগকর্মীকে আটক করে স্থানীয়রা। সোমবার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

No comments