শিরোনাম

শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস


চ্যানেল টেন ডেস্ক:

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

এর আগে সোমবার একদিনে এ মামলার শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত শিশু রামিসা। সে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না।

গত ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে স্বপ্নাকে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না জানান, রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করেন সোহেল। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন করেন এবং দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করেন। এরপর মরদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রাখেন। বিচ্ছিন্ন মাথাটি বাথরুমের একটি বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।

ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল ও স্বপ্নাকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। পরদিন সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। স্বপ্নাকেও কারাগারে পাঠানো হয়।

নৃশংস এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দ্রুত বিচার সম্পন্নের আশ্বাস দেন।

এরপর বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়। সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার রায়সহ মামলার প্রয়োজনীয় নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়। তিনি সোমবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানিতে অংশ নেন। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। এতে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্না খাতুন খালাস পান।

No comments