প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক বাড়ির এমন দশা কেন?
চ্যানেল টেন ডেস্কঃ
একটি বাড়ি কখনো কখনো কেবল বসবাসের জায়গা থাকে না। হয়ে ওঠে ইতিহাসের অংশ, একটি জাতির স্মৃতির ঠিকানা। সেই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দরজা-জানালা, পুরোনো দেয়াল কিংবা প্রবেশপথের সঙ্গে জড়িয়ে থাকে কোনো না কোনো সময়ের গল্প। অথচ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বগুড়ার পৈতৃক বাড়িটির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাড়িতে প্রবেশের ছোট গেটটির দিকে তাকালেই যেন চোখে পড়ে দীর্ঘদিনের অযত্ন আর অবহেলার একটি চিত্র। যে বাড়িকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এত স্মৃতি, যে বাড়ির সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের শেকড় এবং একজন রাষ্ট্রনায়কের জন্ম ও শৈশবের গল্প, সেই বাড়ির প্রবেশপথই যদি দর্শনার্থীদের মনে হতাশা তৈরি করে, তাহলে বাড়িটির সামগ্রিক রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, জিয়াউর রহমানের স্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তাদের সন্তান তারেক রহমানও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। অর্থাৎ যে রাজনৈতিক পরিবারের একজন সদস্য দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব পালন করছেন, সেই পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ও স্মৃতির সঙ্গে যুক্ত ঐতিহাসিক বাড়িটির স্থায়ী সংরক্ষণ কেন এখনো দৃশ্যমান ও পরিকল্পিত রূপ পেল না?
এ প্রশ্ন শুধু রাজনৈতিক পরিবারের প্রতি নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় স্মৃতিসম্পদ সংরক্ষণের দায়িত্ববোধের প্রতিও।

No comments