শিরোনাম

হোটেলে ভাত খেতে গিয়ে পিকআপ হারালেন পুলিশ সদস্যরা


চ্যানেল টেন ডেস্ক :

চট্টগ্রাম নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার একটি টহল দল পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল। পরে জেলা পুলিশ লাইনের সামনে সড়কে গাড়িটি রেখে কয়েকজন পুলিশ সদস্য পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা গাড়িটি আর সেখানে দেখতে পাননি।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানটিতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর চুরি যাওয়া গাড়ি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, চুরি হওয়া গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান। টহল দলের সদস্যরা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। এ সময় এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির গাড়ি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। তাকে গ্রেপ্তার ও গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিস্তারিত জানানো হবে।

No comments