শিরোনাম

‘সরকার আছে বলে মনে হচ্ছে না’—রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের ক্ষোভ


চ্যানেল টেন ডেস্ক :

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণেই দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।

গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের সময়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

প্রতিবেশী দেশ ভারতের ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে ভারত প্রথমে অপরাধ করেছে। এখন তাকে ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান পাঠানোর কথা বলা হচ্ছে। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলেও মনে হচ্ছে না। গোপালগঞ্জ ও মাদারীপুর বাংলাদেশের অংশ কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা এখন জরুরি।

এ সময় প্রশাসনসহ সরকারের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের দোসররা এখনো অবস্থান করছেন বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

No comments