নেপালে এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
চ্যানেল টেন ডেস্কঃ
নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক নিচে অবতরণের চেষ্টা করার সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার হিসাবে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত।
অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়লে এক ডজনের বেশি মানুষ নিরাপদ স্থানে ছুটে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি ৪৭ বছর বয়সী ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক এবং অন্যজন নেপালি পাইলট। হেলিকপ্টার দুটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা জানা যায়নি।
এভারেস্টের কাছে ৪ হাজার ২০০ মিটার (১৩ হাজার ৭৮০ ফুট) উচ্চতায় অবস্থিত ফেরিচে গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
সড়কপথ না থাকায় এভারেস্ট অঞ্চলে চলাচল বেশ কঠিন। অসুস্থতা বা ক্লান্তির কারণে যেসব পর্বতারোহী ও গাইডের অভিযান শেষ করতে হয়, তাদের উদ্ধার করে সরিয়ে নিতে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। পর্বতটিতে তাপমাত্রা সব সময় হিমাঙ্কের নিচে থাকে।
গত সপ্তাহে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথে একটি হোটেলে আগুন লাগে। ভারী তুষারপাতের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

No comments