শিরোনাম

এনপিবি নিউজে সংবাদ প্রকাশ: দুদক থেকে সরানো হলো ডিজি নাজমুল হাসানকে


 





চ্যানেল টেন ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ নাজমুল হাসানকে সংস্থাটি থেকে সরিয়ে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে এনপিবি নিউজে সংবাদ প্রকাশের এক সপ্তাহের ব্যবধানে এ বদলির আদেশ এলো।

সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়।

এর আগে গত ২৫ অক্টোবর ‘দুদকজুড়ে সমালোচনার মুখে ডিজি নাজমুল হাসান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এনপিবি নিউজ। ওই প্রতিবেদনে নাজমুল হাসানের বিরুদ্ধে তার স্ত্রীর আনা বিভিন্ন অভিযোগ, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্ব পালনকালে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাজমুল হাসানের স্ত্রী নাজমীন সুলতানা দুদক সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়ে স্বামীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ ছাড়া বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তাদের নামে মামলা নেই মর্মে ছাড়পত্র দেওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে।

এনপিবির প্রতিবেদনে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও তুলে ধরা হয়েছিল।

No comments