শিরোনাম

টাকা দিলে নির্বিঘ্নে চলে গাড়ি, না দিলে মামলা-হয়রানি


চ্যানেল টেন ডেস্ক :

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের এক পরিদর্শকের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন গুলশান ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার। একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধান অনুযায়ী, এসব সড়কে বিভিন্ন যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন নির্ধারিত ব্যক্তিদের মাধ্যমে মাসোহারা দিয়ে চলাচল করছে। টাকা না দিলে মামলা, গাড়ি জব্দসহ নানা ধরনের হয়রানির শিকার হতে হয় চালকদের।

কুড়িল থেকে চলাচলকারী প্রায় ৪০০ সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশের ঢাকা মহানগরে চলাচলের অনুমতি নেই। অথচ মাসে তিন হাজার টাকা করে দিয়ে এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে বলে অনুসন্ধানে দাবি করা হয়েছে। চালকদের ভাষ্য, টিআই দেলোয়ারের সঙ্গে মাসিক চুক্তি থাকলে পুলিশ গাড়ি আটকায় না। এ জন্য গাড়িতে বিশেষ স্টিকার ব্যবহার করা হয়।

স্টিকার না থাকলে বিভিন্ন মোড়ে পুলিশি জেরার মুখে পড়তে হয় চালকদের। এমনকি গাড়ি ডাম্পিংয়েও পাঠানো হয়। এক চালক জানান, অনুমোদনহীন গাড়ি চালাতে মাসিক টাকা দিতে হয়। আরেক চালক পুলিশের সঙ্গে চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত স্টিকার দেখান। অনুসন্ধান চলাকালে স্টিকার পরিবর্তনের তথ্যও পাওয়া গেছে। চালকদের অভিযোগ, লাইনম্যানদের মাধ্যমে এসব টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছানো হয়।

শুধু সিএনজিচালিত অটোরিকশা নয়, ৩০০ ফিট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে টিআই দেলোয়ারের বিরুদ্ধে। পূর্বাচলের নীলা মার্কেট থেকে কুড়িলগামী এক চালক জানান, মাসিক চুক্তি না থাকায় তিনি ওই রুটে গাড়ি চালাতে চান না। গাড়ি নিয়ে গেলে আটক ও ডাম্পিংয়ের ঝুঁকি রয়েছে। অথচ টাকা দেওয়া গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে।

প্রাইভেট কার থেকেও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কুড়িল বিশ্বরোডের একটি স্ট্যান্ডের চালকদের ভাষ্য, গাড়িপ্রতি মাসে দুই হাজার টাকা দিতে হয়। এ ক্ষেত্রে লাইনম্যান কাউসার টাকা সংগ্রহ করে দেলোয়ার ও স্থানীয় নেতাদের কাছে পৌঁছে দেন। গাড়ির কাগজপত্রে সমস্যা থাকলে চাঁদার পরিমাণ আরও বাড়ে। অনুসন্ধানকারীরা যাত্রী সেজে একটি প্রাইভেট কারে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত গিয়ে চালকের কাছ থেকেও এ ধরনের চাঁদা দেওয়ার তথ্য পান।

এ ছাড়া ৩০০ ফিট সড়কে চলাচলকারী বাস, ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক ও কাভার্ড ভ্যান থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। চালকদের দাবি, দিনের বেলায় রাজধানীতে চলাচলের অনুমতি না থাকা মাটি ও পাথরবোঝাই ট্রাকও মাসিক চুক্তির কারণে পুলিশের চেকপোস্ট পার হয়ে যায়। কোনো পুলিশ সদস্য গাড়ি আটকালে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বললে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন রেডিমিক্স কোম্পানির গাড়ি থেকেও মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে চাঁদা আদায়ের একটি হিসাবও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রায় ২০০ সিএনজিচালিত অটোরিকশা থেকে মাসে ছয় লাখ টাকা, ১৫০টি প্রাইভেট কার থেকে তিন লাখ টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশার লাইনম্যানদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়।

এ ছাড়া মিক্সার ও ড্রাম ট্রাক কোম্পানি থেকে প্রায় চার লাখ, কাভার্ড ভ্যান কোম্পানি থেকে আড়াই লাখ এবং বাস কোম্পানিগুলো থেকে প্রায় এক লাখ টাকা আদায়ের দাবি করা হয়েছে। পিকআপ স্ট্যান্ড, দেওয়ান পরিবহন ও বিআরটিসি থেকেও পার্কিংয়ের নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

No comments